ভোক্তা অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা
- প্রকাশ : ১২:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 5

তৌহিদ, মাগুরা
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে এই অভিযান পরিচালিত হয়।বেলা ১১.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার, কীটনাশক, বীজ ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় নাকোল পুরাতন বাজারে মেসার্স মা ট্রেডার্স নামক বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা স্বত্তেও বিভিন্ন সার সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করছিলেন। এসময় সরকার নির্ধারিত ১০৫০ টাকার ডিএপি সার ১৪৫০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায় অর্থাৎ বস্তা প্রতি ৪০০ টাকা বেশি নিয়েছেন। অধিক দামে সার বিক্রয় করলেও সার বিক্রয়ের কোন ভাউচার প্রদান করা হয়নি এমনকি বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হয়নি।
এছাড়া প্রতিষ্ঠানটি থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায় এবং বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রয় করছিলেন। পূর্বে সতর্ক করা সত্ত্বেও পুনরায় কৃষকের সাথে প্রতারণা ও একই অপরাধ করার কারণে প্রতিষ্ঠানটির মালিক জনাব লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মো: আলমগীর হোসেন, কৃষি বিপণন অফিস, মাগুরা ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।




















