রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
- প্রকাশ : ০১:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 2

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নুর ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত সলেমান সেখের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেন বসন্তপুর ইউনিয়নের রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে নুর ইসলাম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



















