যুক্তরাজ্যের দুই তৃতীয়াংশ ব্যবসা-বাণিজ্য সচল
- প্রকাশ : ০৬:৫৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / 55
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের বিস্তার রোধে যুক্তরাজ্যে কার্যকর করা লকডাউন তুলে দেয়ার পর এ পর্যন্ত পুরোদমে সচল হয়েছে দেশটির দুই তৃতীয়াংশ ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান। রোববার (২ আগস্ট) প্রকাশিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানিয়েছে কনফেডারেশন অব বৃটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই)।
সিবিআই’র অর্থনীতিবিদ আলপেশ পালেজা বলেন, জুলাই মাসের পরিসংখ্যান দেখে একটি বিষয় এখন বলা যায় যে, ধীরে ধীরে ব্যবসা-বাণিজ্য খুলে দেয়ার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ঈঙ্গিত দেখা যাচ্ছে। তবে, এটাও ঠিক যে প্রতিষ্ঠান সরাসরি ক্রেতাদের সঙ্গে সম্পৃক্ত তারা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির মুখে রয়েছে বলেও জানান তিনি।
ব্রিটেনে গেল মে থেকেই করোনাকালীন লকডাউন শিথিল হতে থাকে। আর এটার একটা বড় পরিবর্তন আসে যখন ৪ জুলাই দেশটিতে হোটেল, মদের দোকান ও রেস্তরাঁ খুলে দেয়া হয়।
এরই মধ্যে গত শুক্রবার (৩১ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার বিস্তার রোধে নেয়া কঠোর পদক্ষেপগুলো শিথিল না করার পক্ষে ঘোষণা দেন। তার এই ঘোষণা বিনোদন কেন্দ্র উপাসনালয়ের মত জনসম্পৃক্ত স্থানে মহামারী ভাইরাসের সংক্রমণ রোধে ইতিবাচকভাবে কাজ দেবে বলেও উল্লেখ করেন তিনি।





















