চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪০ দোকান
- প্রকাশ : ০৬:৪৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / 37
চাঁদপুর(হাজীগঞ্জ)প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে টিন পট্টিতে আগুনে পুড়ে গেছে প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান। এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন রোববার (০২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বাঁশ শিল্পের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলের চারপাশে পাকা ভবন থাকায় আগুনের বিস্তার থেকে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পেয়েছে। তবে এরইমধ্যে পুড়ে গেছে প্রায় ৪০টি দোকান।
আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের সঙ্গে স্থানীয় লোকজন চেষ্টা করেন।
চাঁদপুর সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, চারটি স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সেগুলো হচ্ছে হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও চাঁদপুর সদর। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে অন্তত ১০ কোটি টাকা হবে। এসময় বেশ কয়েকজন আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, আহতদের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করবে বাজার ব্যবসায়ী সমিতি।
হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী জানান, পুড়ে যাওয়া বেশিরভাগ দোকান বিভিন্ন কোম্পানির পণ্যের ডিলার, ফার্মেসী, বাঁশ শিল্প, মুদি দোকান ও টিন সামগ্রীর দোকান ছিল।
এদিকে, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাজিগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ সদর সার্কেল আফজাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনিসহ প্রশাসনের কর্মকর্তা এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
অন্যদিকে, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকের তালিকা তৈরি করা হবে। যাদেরকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।





















