ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
- প্রকাশ : ০৬:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 42
অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন তার রাজনৈতিক কর্মী-সমর্থকরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরাইল থানা পুলিশ গতকাল মঙ্গলবার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে ফেন্সিডিল রাখা এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অপরাধে গ্রেপ্তার করেছে। ছাত্রলীগের কয়েকজন সদস্য এর জন্য মানববন্ধন করার চেষ্টা করেছিলেন। তবে আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।
আজ বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ইশতিয়াক আহমেদ বাপ্পীর নেতৃত্বে একদল যুবক বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ থাকে।
সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকজন যুবক যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা মোড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আরেক দল যুবক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও তার এক সহযোগীকে ছয় বোতল ফেন্সিডিলসহ আটক করে সরাইল থানা পুলিশ। এ সময় তারা দুজন কর্তব্যরত পুলিশের এএসআইকে মারধর করেন বলে অভিযোগ উঠে।





















