০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দ্বিতীয় দিনে বেশ নিয়ন্ত্রণে স্বাগতিক ইংল্যান্ড
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:৩১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / 51
স্পোর্টস ডেস্ক
টেস্টের মাত্র দ্বিতীয় দিনে বেশ নিয়ন্ত্রণে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশ পেসারদের আগুনে বোলিংয়ে ফলোঅনের শঙ্কা চোখ রাঙ্গাচ্ছে উইন্ডিজকে। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৬ উইকেটে ১৩৭ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রান করে থ্রি লায়নরা। ক্যারিবীয়দের চেয়ে এখনো ২৩২ রানে এগিয়ে আছে ইংলিশরা।
আগের দিনে ৬ উইকেট আর ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামা ইংলিশরা শুরুতেই ধাক্কা খায়। নার্ভাস নাইন্টির শিকার হয়ে ব্যক্তিগত ৯১ রানে প্যাভিলিয়নে ফেরেন ওলি পোপ। ভাঙ্গে জশ বাটলারের সাথে ১৪০ রানের জুটি। ওকস, বাটলার প্রতিদান দিতে পারেননি।
শেষ দিকে ব্রডের ৬২ রানের সুবাদে ৩৬৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ক্যারিবিয়ানরা। ব্র্যাথওয়েট, ক্যাম্বল, হোপরা ব্যর্থ হলে মাত্র ৭৩ রানে ৫ উইকেটে পড়ে ক্যারিবিয়ানদের। শেষ পর্যন্ত ১৩৭ রানে ৬ উইকেটে দিন শেষ করে উইন্ডিজ। প্রথম ইনিংসে ২৩২ রানে পিছিয়ে সফরকারীরা। শঙ্কা রয়েছে ফলোঅনে পড়ার।















