বর্ণবাদ রুখতে সোচ্চার হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড
- প্রকাশ : ০৯:০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / 52
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটে বর্ণবাদ রুখতে এবার সোচ্চার হলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিকভাবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারা।
কয়েকদিন আগে নিজের করুণ কিছু কাহিনী বর্ণনা করেন সাবেক কিংবদন্তি প্রোটিয়া পেসার মাখায়া এনটিনি। তিনি অভিযোগ করেন, দলে থাকাকালীন তাকে সবসময়ই একা থাকতে হতো। হোটেলে, খাবার টেবিলে কিংবা বাসে কেউ তার পাশে বসতে চাইতো না। এমনকি দলের অন্য সবাই কোথাও বেড়াতে গেলেও সেখানে নেয়া হতোনা এনটিনিকে। এমনই অভিযোগ করেন সাবেক এই গতিতারকা।
সাবেক তারকার মুখে এমন অভিযোগ শুনে বেশ মর্মাহতই হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। বর্ণবাদ রুখতে এবার তাই পদক্ষেপ নিচ্ছে তারা। এসজেএন নামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে তারা। আনুষ্ঠানিক এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হবে যেখানে বর্ণবাদসহ যেকোনো ধরণের অনাচারের বিষয়ে কমিটিকে অবহিত করতে পারবেন ক্রিকেটাররা। সেই কমিটি তদন্ত করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।
সাবেকসহ বর্তমান ক্রিকেটারদেরকে এক ছায়ায় নিয়ে আসা হবে। বিশেষ করে সাবেকদের মধ্যে যারা ভিকটিম ছিলেন তাদেরকে সবধরনের সহায়তা দেয়া হবে। এছাড়াও একটি ফান্ড করা হবে।
আগস্টের শেষদিকে কমিটিটি কাজ করা শুরু করবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সভাপতি ক্রিস নেনজানি বলেন, আমরা খুব দুঃখিত যে আমাদের ক্রিকেটারদেরকে এমন কঠিন সময় পার করতে হয়েছে। এসজেএন প্রজেক্টের মাধ্যমে আমরা একটা ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছি। আশা করছি সবাই এই গাইডলাইন মেনে চলবে।















