নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে একটি মানবপাচার চক্রের মূল হোতা আবু তাহের প্রধানকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১১’র নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। রাত ৮টায় র্যাব-১১’র নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আবু তাহের প্রধান নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর ফকির চাঁনের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি আবু তাহের প্রধানসহ আরও তিনজন সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্য। মানবপাচারকারী চক্রটি নোয়াখালীর চাটখিলের ভরতপুরের বাসিন্দা সাইদুল হকের ছেলে মো. মিজানুর রহমানের ছোট ভাই মেহেদী হাসান (২৪), তার চাচাত ভাই নাসিম চৌধুরীসহ (৪০) আরও অনেককে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার করে। পরে তাদের জিম্মি ও নির্যাতন করে দুই ভাইয়ের কাছে থাকা তিন হাজার ইউএস ডলার, ভারতীয় রুপি, এক লাখ টাকা মূল্যের দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, হাতঘড়িসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এছাড়াও নগদ ও বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে ৩৩ লাখ টাকাসহ সর্বমোট ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে ঢাকার তেজগাঁও থানায় একটি মানবপাচার মামলা (মামলা নম্বর-০৯, তারিখ-১০/০৬/২০২০) দায়ের করেন। ওই মামলার পর র্যাব-১১ এর একটি দল মানবপাচার মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। বুধবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে আবু তাহের প্রধানকে গ্রেফতার করে র্যাব।