ময়মনসিংহে সন্দেহভাজন ৩ জেএমবি সদস্য আটক
- প্রকাশ : ১২:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
- / 38
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে আটক করেছে র্যাব। মুক্তাগাছায় মাত্র ১০ দিন আগে পাঁচ সন্দেহভাজন জঙ্গি আটকের পর আজ ভোরে নতুন তিন জন আটক হলেন।
আগের পাঁচ জনের মতো এদের কাছ থেকেও বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার নলুয়াকুঁড়ি এলাকায় আজ ভোর তিনটায় অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তিন জনকে আটক করা হয়। তারা হলেন— ভালুকার মো. মঞ্জুরুল ইসলাম, রুহুল আমীন তালুকদার তৌফিক এবং সখীপুরের আশরাফ খান। এছাড়া আরও দুই-তিন জন পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা জেএমবির সক্রিয় কর্মী বলে স্বীকার করেছে। র্যাব জানায়, আটককৃতরা সংগঠনের জন্য চাঁদা উত্তোলন করে তহবিল সংগ্রহে ভূমিকা রাখত।
তাদের ভালুকা থানায় হস্তান্তর করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।











