০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জামালপুরে ইজিবাইকে ট্রাকের চাপায় নিহত ৪
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / 87
জামালপুর প্রতিনিধি
জামালপুরে ট্রাক চাপায় ইজিবাইকের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে মো. সোলায়মান, সদর আলীর ছেলে আব্দুল মজিদ, সোবহান আলীর ছেলে জয়নাল মিয়া ও ফয়েজ উদ্দিনের ছেলে সাহেদ আলী।
আহত ৩ জন হলেন- একই গ্রামের হানিফ উদ্দিন, শফিকুল ইসলাম ও মো. খলিল।
নিহত আব্দুল মজিদের ভাগিনা বিল্লাল জানান, শেরপুর জেলার মুর্শিদপুরে একজন পীরের বাড়ির মসজিদে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে সকালে ইটাইল কান্দাপাড়া থেকে ইজিবাইক নিয়ে বের হন একই গ্রামের ৭ জন। সকাল সাড়ে ১১টার দিকে পথে রানাগাছা উত্তরপাড়া এলাকায় যাত্রাবিরতি করার জন্য ইজিবাইকটি সড়কের পাশে থামান তারা। এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। বাকি ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং ১ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। ময়মনসিংহ যাওয়ার পথে ইজিবাইক চালক জয়নাল মিয়া ও ইজিবাইক যাত্রী সাহেদ আলীও মারা যান।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিল্পী রানী রায় জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক তাই তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আহত একজনের অবস্থা তেমন গুরুতর নয়।
এসব বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


























