০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে যা বললেন নায়ক ফেরদৌস
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / 71
নিজস্ব প্রতিবেদক
সদ্যপ্রয়াত অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। তার প্রয়াণে শূন্য এই আসনে চিত্রনায়ক ফেরদৌস নির্বাচন করতে পারেন গুঞ্জন উঠেছে। আর এই গুঞ্জনের কারণ মূলত চিত্রনায়ক ওমর সানির এক ফেসবুক পোস্ট ঘিরে।
গত ১৭ মে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফেরদৌসের একটি ছবি পোস্ট করে ওমর সানি লেখেন, ‘ফারুক ভাই চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। গুলশান-বনানী তার যে সংসদ সদস্য পদ খালি হয়েছে, সেই জায়গায় আমাদের ছোট ভাই ফেরদৌসকে ভাবাই যায়। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, ধন্যবাদ।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘ওমর সানী ভাই আমার নাম বলেছেন, কোথাও প্রস্তাব করেননি। তিনি নিজের অভিমত প্রকাশ করেছেন। এই অধিকার তো তার আছে। তিনি বলতেই পারেন। এ বিষয়ে তো আমার বলার কিছু থাকতে পারে না।
ফারুকের শূন্য আসনে প্রার্থী হওয়ার ইচ্ছে আছে কি না; এমন এক প্রশ্নের জবাবে সরাসরি হ্যাঁ বা না কোনো কিছু না জানালেও তিনি বলেন, ‘দেখেন এই বিষয়টি নিয়ে কিছু বলার নেই। এখানে বলার কী আছে বলেন।
এদিকে সংবাদমাধ্যমে খবর এসেছে, প্রায় ১৫ বছর পর বুধবার নিজ গ্রামে গেছেন ফেরদৌস। এদিন দুপুরে কুমিল্লার কাপাশকান্দি এলাকায় পৌঁছান। এ সময় তাকে একনজর দেখার জন্য ভিড় করে স্থানীয়রা।
তবে তথ্যটি পুরোপুরি সঠিক নয় জানিয়ে ফেরদৌস বলেন,এটা ঠিক নয়। আমি সর্বশেষ ২০১৬ সালে গিয়েছিলাম। বেসিক্যালি ওখানে আমার আত্মীয়-স্বজন কেউ থাকে না, যার ফলে যাওয়া হয় না। কিন্তু একটা স্কুলের সভাপতি আমি। নিয়োগের সময় যাওয়াটা একান্তই দরকার।
জানা গেছে, ফেরদৌস তার বাবার প্রতিষ্ঠিত কাপাশকান্দি মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতির পদে রয়েছেন। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ ৫জনের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারেই সেখানে গিয়েছেন তিনি।





















