জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
- প্রকাশ : ০৫:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / 51
জার্মানিতে অনুষ্ঠিতব্য ‘মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে’ যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে রওনা দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের পর এটাই তার প্রথম বিদেশ সফর। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অনুষ্ঠিত হবে সিকিউরিটি কনফারেন্সের ৬০তম আসর। এতে, বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিনিধিরা।
সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন শেখ হাসিনা। পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ্, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
এ ছাড়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। দুইদিনের এ সফর শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।




















