ছাদ থেকে পড়ে গুরুতর আহত নকুল কুমার বিশ্বাস
- প্রকাশ : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / 61
শিমুলগাছের ডাল কাটতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ও স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান তিনি।
ভিডিও বার্তায় নকুল কুমার বিশ্বাস বলেন, গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।
প্রসঙ্গত, সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন নকুল কুমার বিশ্বাস। কৃষক শ্রমিক জনতা লীগের মনোনয়নে অংশ নেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।




















