ছয় মাসে এমএফএসে লেনদেন ৬ লাখ ৮২ হাজার কোটি টাকা
- প্রকাশ : ০৮:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / 60
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (১ জুলাই হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত) মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে ছয় লাখ ৮১ হাজার ৯২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই হতে জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন (১ হাজার ২৯০ কোটি ৬ লাখ ৩০ হাজার) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে দুই হাজার ৪২৫ দশমিক ৫৮ মিলিয়ন ডলার, যুক্তরাজ্য হতে এক হাজার ৬১০ দশমিক ৩৮ মিলিয়ন ডলার, সৌদি আরব হতে এক হাজার ৬০১ দশমিক ২২, যুক্তরাষ্ট্র হতে এক হাজার ৩৩২ দশমিক ৬৩ এবং ইতালি থেকে ৯০০ দশমিক ২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারি উদ্যোগে চালু থাকা ১৮টি পার্কে দেশি-বিদেশি ১৯২টি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত বেসরকারি সেক্টর থেকে প্রায় ২ হাজার ১৫০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।




















