জিন্দারপুরে জামায়াতের দাওয়াতি পক্ষ পালন, মোটরসাইকেল শোডাউন ও নতুন কার্যালয় উদ্বোধন
- প্রকাশ : ১০:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 36
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে পালিত হয়েছে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ। ১১ এপ্রিল শুরু হওয়া এ কর্মসূচির ধারাবাহিকতায় ২২ এপ্রিল ইউনিয়নজুড়ে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন।
ইউনিয়নের প্রতিটি গ্রামে দাওয়াতি কার্যক্রম পরিচালনা শেষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পথসভা। এদিন মহেশপুর বাজারে জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস. এম. রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, “সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, নায়েব আমীর মো. আব্দুর রউফ, উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, ইউনিয়ন আমীর মতিউর রহমান, সেক্রেটারি মো. আমিরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. সাইফুল ইসলাম।
মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধারাবাহিকভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম চলমান থাকবে।




















