দেওয়ানগঞ্জে পুলিশ কনস্টেবল আকলিমা জান্নাতের বিরুদ্ধে স্বামীর সাথে প্রতারণা ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ।
- প্রকাশ : ১২:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 29
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
সবুজ বাসার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশ কনস্টেবল আকলিমা জানাতের বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান এবং আর্থিক লেনদেন সংক্রান্ত জালিয়াতির অভিযোগ তুলেছেন তার স্বামী মোঃ সাগর মিয়া। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী টৌরাস্থায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সাগর মিয়া বলেন, ২০২৩ সালে ইসলামপুর উপজেলার পলবান্ধা গ্রামের আমির হোসেনের মেয়ে আকলিমা জানাতের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আকলিমা জানাত তার কাছ থেকে একাধিকবার টাকা নেন। বিয়ের খরচসহ বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা নেন বলে দাবি করেন তিনি।
সাগর মিয়া অভিযোগ করেন, কিছুদিন পর থেকেই আকলিমা জানাত দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে চাকরিচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। ২০২৪ সালের মার্চ মাসে আকলিমা জানাত তাকে শারীরিকভাবে নির্যাতন ও মানসিকভাবে হয়রানি করেন বলে দাবি করেন সাগর মিয়া। এরপর বাধ্য হয়ে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
তিনি আরও জানান, ঘটনার পর আকলিমা জানাত নিয়মিত ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হুমকি দেন এবং টাকা না দিলে মিথ্যা মামলা করার ভয় দেখান। সাগর মিয়া বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আমার কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এখন উল্টো আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”
ভুক্তভোগী সাগর মিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি সত্যের বিচার চাই। আমার সঙ্গে প্রতারণা ও মানহানির ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।”সংবাদ সম্মেলনে মোঃ সাগর মিয়ার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















