রাজারহাটে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে ১০০ কম্বল বিতরণ।
- প্রকাশ : ১১:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 17
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ জাকির হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা। সংস্থাটির উদ্যোগে উপজেলার টগরাইহাট ইউনিয়নের দুধখাওয়া গ্রামে দুস্থ, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে দুধখাওয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মোহাম্মদ আতাউর রহমান, এমসিপিও (ই)-এর সার্বিক তত্ত্বাবধানে গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারসহ স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মোঃ সিরাজুল হক (চিফ আরইএ)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘব করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ও অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও জানান, ভবিষ্যতেও সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বলপ্রাপ্তরা এ মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।




















