০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের শার্শায় হাসপাতালে সিভিল সার্জনের অভিযান ১টি স্থায়ী সহ ৭টি প্যাথলজি বিভাগ বন্ধ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / 40
মোঃ নজরুল ইসলাম,(শার্শা)যশোর
চিকিৎসা ক্ষেত্রে প্রতারণা রুখতে কঠোর অবস্থান নিয়েছে যশোর স্বাস্থ্যবিভাগ। এরই মধ্যে বেশ কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে চার সদস্যের টিম শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের জন্যে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটিকে স্থায়ীভাবে এবং ছয়টি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব বন্ধ ঘোষণা করা হয়েছে।
লাইসেন্স প্রদানের সুপারিশ করা প্রতিষ্ঠানগুলো হলো, বাগআঁচড়ার জোহরা ক্লিনিক, জনসেবা ক্লিনিক ও মুক্তি ক্লিনিক। এসব ক্লিনিকের কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা প্রদানের শর্ত পূরণ করায় লাইসেন্স প্রদানের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর মধ্যে জনসেবা ক্লিনিকের প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়ায় তা সংশোধনের জন্যে আগামী ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে নাভারণের জোহরা ক্লিনিক। রুবা ক্লিনিকের লাইসেন্স ২০১৭ সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নবায়ন না করেই অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। ক্লিনিকটিতে কোনো ডিপ্লোম পাস নার্স এবং প্যাথলজি বিভাগে টেকনোলজিস্ট নেই। আল মদিনা ও পল্লী ক্লিনিকেরও একই অবস্থা। তাদের প্যাথলজি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। বাগআঁচড়া নার্সিং হোম ১০ শয্যার আবেদন করেছে। কিন্তু সেখানে ২৩ জন ভর্তি রোগী পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির প্যাথলজি ল্যাবেও ত্রুটি রয়েছে। ফলে সেটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। সাহানা ও মেহেরুন নেছা ক্লিনিক কর্তৃপক্ষ অভিযানের বিষয়টি টের পেয়ে গেটে তালা দিয়ে চলে যায়। প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে সরকারি নিদের্শনা মোতাবেক ২৩ আগস্টের মধ্যে সব ত্রুটি সংশোধনসহ নতুন লাইসেন্স গ্রহণ ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
























