১৬ মাসে ১ হাজার ১৪৪ সাংবাদিক আক্রান্ত: নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
- প্রকাশ : ১২:৩৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি।
দেশে গত ১৬ মাসে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৫৬০টি হয়রানির ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে প্রায় ১ হাজার ১৪৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
২ ফেব্রুয়ারি এ তথ্য প্রকাশ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটির তথ্যমতে, শারীরিক হামলা, হুমকি, মিথ্যা মামলা, পেশাগত কাজে বাধা, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর এবং অনলাইন হয়রানিসহ নানা উপায়ে সাংবাদিকদের টার্গেট করা হয়েছে।
সেলের নেতারা জানান, মাঠপর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে এবং ক্ষমতাসীন বা প্রভাবশালী মহলের অনিয়ম তুলে ধরার সময় এসব ঘটনার বড় অংশ সংঘটিত হয়েছে। এতে করে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে রয়েছেন। অনেক ক্ষেত্রে হামলার শিকার হলেও ন্যায়বিচার পাওয়া কিংবা কার্যকর তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হামলা ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন কার্যকরের দাবি জানান তিনি।
বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক চাপ ও ভয়ভীতি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করছে। এর ফলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক কাঠামোর স্বচ্ছতা ও জবাবদিহিতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।










