জয়দেবপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশের এসআই গুরুতর আহত।
- প্রকাশ : ১২:২৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মো: আখতারুজ্জামান সোহাগ গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের জয়দেবপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনসে কর্মরত।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দাপ্তরিক কাজে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন এসআই হাবিব। কাজ শেষে পুলিশ লাইনসে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শী হামিদুর রহমান বলেন, ওই পুলিশ সদস্য মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন কাছাকাছি এলেও তিনি রেললাইন থেকে সরে যাননি। আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি তা শুনতে পাননি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই কাইয়ুম আলী বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রেললাইন পারাপারের সময় সচেতনতা ও নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব আবারও সামনে এসেছে।










