তেলের বাজারে অস্থিরতা, অভিযান চালালো প্রশাসন ও সেনাবাহিনী।
- প্রকাশ : ০৮:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 17
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, দীঘিনালা প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব ধীরে ধীরে বাংলাদেশেও পড়তে শুরু করেছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কিছু তেলের দোকানে স্বাভাবিকের তুলনায় তেল বিক্রিতে অনীহা এবং কোথাও কোথাও প্রতি লিটারে ৩–৪ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে কিছু ব্যবসায়ী সীমিত পরিমাণে তেল বিক্রি করছেন। অনেক দোকানদার ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কায় বেশি পরিমাণ তেল বিক্রি করতে চাইছেন না বলে ভোক্তারা অভিযোগ করেছেন।
স্থানীয় একাধিক মোটরসাইকেল চালক জানান, আগে সহজেই তেল পাওয়া গেলেও এখন কিছু দোকানে অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। আবার কোথাও প্রতি লিটারে কয়েক টাকা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন যৌথভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি না করেন বা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গেছে এবং সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের জ্বালানি খাতে চাপ বাড়তে পারে। এর প্রভাব স্থানীয় বাজারেও পড়ে অস্থিরতা বা কৃত্রিম সংকট তৈরি হওয়ার ঝুঁকি থাকে।
তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















