পাংশায় জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ৮
- প্রকাশ : ০২:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 14
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের উকিল মন্ডল (পিতা: মৃত মন্তাজ মন্ডল) ও গফুর শেখ (পিতা: মৃত দিয়ানত শেখ) পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে গফুর শেখের বাড়ির মহিলাদের সঙ্গে উকিল মন্ডলের বাড়ির মহিলাদের মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে উকিল মন্ডলের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে গফুর শেখের পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।
আহতরা হলেন—পিপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁর ছেলে খয়বর খাঁ, রমজান আলীর ছেলে রতন, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলী বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খাঁর ছেলে রনি ও মিরাজ, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন এবং তাজুদ্দিনের স্ত্রী নুসরাত জাহান।
আহতদের মধ্যে রতনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।এ বিষয়ে পাংশা মডেল থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর রাত পর্যন্ত দুই পরিবারের কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।




















