বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে প্রায় ৩৫টি দোকান।
- প্রকাশ : ০১:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 11
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কেন্দ্রীয় বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি থেকে সদর ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, বাজারের অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে। বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে এবং এতে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে দীঘিনালা ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল ইউনিটের সদস্যরাও সহায়তা করেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে প্রশাসন।




















