যৌথ অভিযানে অবৈধ জ্বালানি তেল উদ্ধার, আটক ১।
- প্রকাশ : ০২:০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 9
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মুদি দোকান মালিক মো. আলমকে আটক করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় অবস্থিত ‘আলম স্টোর’ নামের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের সেনাসদস্য এবং দীঘিনালা থানা-পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এ সময় দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দীঘিনালা জোনের সার্জেন্ট মামুনুর রশীদ এবং দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার। অভিযান শেষে উদ্ধারকৃত জ্বালানি তেলসহ দোকান মালিক মো. আলমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। আটককৃত মো. আলম উত্তর মিলনপুর এলাকার মৃত মো. ইউনুস মিয়ার ছেলে।
এ বিষয়ে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। অভিযুক্ত মো. আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















