বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
- প্রকাশ : ০১:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 15
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি।
আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে নীলফামারীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, নিরাপদ ও সর্বজনীন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে পহেলা বৈশাখের শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব।
এ উৎসবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা প্রদান করেন এবং সাধারণ জনগণকে উৎসবে অংশগ্রহণের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া, সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করা হয়। সবশেষে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।



















