সেনাবাহিনীর কড়াকড়ি নজরদারি: তেল মজুদ ঠেকাতে অভিযান, মেলায় নিরাপত্তা জোরদার।
- প্রকাশ : ০২:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 3
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় ভোজ্য তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে কঠোর নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী। একই সঙ্গে বিঝু, বৈসুক ও সাংগ্রাই উপলক্ষে আয়োজিত মেলার নিরাপত্তা জোরদার এবং সড়কে যৌথ চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল (দ্য বেবি টাইগার্স)-এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি’র নির্দেশনায় দীঘিনালা–সাজেক সড়কের মাইনি নদী পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া বাজারে ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব বিঝু, বৈসুক ও সাংগ্রাই উপলক্ষে দীঘিনালায় আয়োজিত মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেলায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনীর টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।



















