ঐতিহ্য ও সংস্কৃতির বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা—জেলা প্রশাসনের জমকালো উদ্যোগ
- প্রকাশ : ০২:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 4
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু জেলা প্রতিনিধি নীলফামারী:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে এই আয়োজন জেলায় সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং বাঙালির চিরায়ত রূপ তুলে ধরতে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল নানা রঙের মুখোশ, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক, পাখি, প্রাণী ও লোকজ সংস্কৃতির প্রতিচ্ছবি, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক নায়িরুজ্জামান তার বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ছিল মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
নীলফামারীতে এই বৈশাখী শোভাযাত্রা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে



















