ইউনিভার্সিটির বাস দুর্ঘটনায় আহত ২৪ শিক্ষার্থী, নিরাপদ পরিবহন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন
- প্রকাশ : ০৩:১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 3
সিয়াম ঢাকা জেলা প্রতিনিধি:
উত্তরা ইউনিভার্সিটির ৩২ নম্বর বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আহত ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জনকে তাৎক্ষণিকভাবে আল হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শক্রমে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অপর এক শিক্ষার্থী তুলনামূলক বেশি আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসারকে ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি প্রোক্টোরিয়াল টিম ও ট্রান্সপোর্ট টিম আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
তবে এ দুর্ঘটনার পর শিক্ষার্থীদের একাংশের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের অভিযোগ, এর আগেও বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর সঙ্গে একাধিক ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে চালকদের জবাবদিহিতা নিশ্চিত করা, নিয়মিত তদারকি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতির কথা উল্লেখ করেছেন তারা।
শিক্ষার্থীদের মতে, প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা বৃদ্ধি, দক্ষ ও প্রশিক্ষিত চালক নিয়োগ এবং পরিবহন খাতে অধিক গুরুত্ব প্রদান এখন সময়ের দাবি। একইসঙ্গে কিছু শিক্ষার্থীর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য চালক বা স্টাফদের উৎসাহিত করার প্রবণতাও পরিহার করার আহ্বান জানানো হয়েছে।
আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে এবং উত্তরা ইউনিভার্সিটির নাম কোনো নেতিবাচক ঘটনার কারণে সংবাদ শিরোনামে না আসে।



















