উদ্ভাবনী কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার তিনজন সফল কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান
- প্রকাশ : ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 4
কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ভাবনী কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার তিনজন সফল কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নীলফামারী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান কৃষিখাতে উদ্ভাবনী উদ্যোগ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং কৃষিতে বহুমুখীকরণে অসামান্য অবদানের জন্য এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন নীলফামারী সদরের কুন্দপুকুরের বালাপাড়ার রুমা রায়, যিনি ১২টি ভিন্ন জাতের আমের চাষের মাধ্যমে কৃষিতে বৈচিত্র্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ডিমলা উপজেলার কুটিপাড়ার সোহেল রানা, যিনি ‘পলি নেট হাউস’ প্রযুক্তির মাধ্যমে সারা বছর উন্নতমানের সবজির চারা উৎপাদন করে আধুনিক কৃষির নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন।
এছাড়া কৈমারী ইউনিয়নের সুনগরের খাদিজা আক্তার, যিনি কফি, রাম্বুটান, অ্যাভোকাডোসহ প্রায় ২৪ প্রজাতির বিদেশি ও উচ্চমূল্যের ফলের বাগান গড়ে তুলে এ অঞ্চলে উচ্চমূল্যের ফলচাষে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের স্বীকৃতি কৃষকদের আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে এবং টেকসই, আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















