আগস্টের প্রথম প্রহরে রাজবাড়ী আওয়ামী লীগের শোক কর্মসূচি
- প্রকাশ : ০২:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 2
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি
আগস্টের প্রথম প্রহরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার টাঙানো এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। তবে রাতের আঁধারে টাঙানো সেই ব্যানারগুলো শনিবার সকাল ১০টার পর আর দেখা যায়নি। কে বা কারা ব্যানারগুলো খুলে ফেলেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
জেলা আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (আগস্টের প্রথম প্রহরে) দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করেন এবং ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে কার্যালয়ের সামনে শোক ও শ্রদ্ধাঞ্জলির ব্যানার টাঙান।
তবে শনিবার সকাল ১০টার পর সরেজমিনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, রাতে টাঙানো ব্যানারগুলো আর সেখানে নেই। কে বা কারা সেগুলো সরিয়ে নিয়েছে, তা জানা যায়নি। ঘটনাটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, “১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গভীর শোক ও বেদনার দিন। আগস্টের প্রথম প্রহর থেকেই আমরা ভাবগাম্ভীর্যের সঙ্গে দলীয় কর্মসূচির সূচনা করেছি। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
উল্লেখ্য, আওয়ামী লীগ প্রতি বছর আগস্ট মাসকে শোকের মাস হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। দিবসটি উপলক্ষে দলটি প্রতিবছর বিভিন্ন শোক ও স্মরণমূলক কর্মসূচি পালন করে থাকে।









