কালুখালীতে অস্ত্রের মুখে দুই লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট
- প্রকাশ : ০২:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 2
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গভীর রাতে এক গৃহবধূর বাড়িতে অস্ত্রধারীদের হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মারধর করে আহত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় কালুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা মোছাঃ হামিদা বেগম (৫৫)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুলাই রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে টিনের ছাউনি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করে। পরে নিজেদের পরিচয় দিয়ে গেট খুলতে বললে তার ছেলে গেট খুলে দেয়। অভিযোগ অনুযায়ী, এরপর অভিযুক্তরা পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের মারধর করে ঘরের ভেতরে নিয়ে যায় এবং আলমারির চাবি দিতে বাধ্য করে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘরে থাকা নগদ দুই লাখ টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার—গলার হার, চেইন, হাতের বালা ও দুই জোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। বাধা দিলে হামিদা বেগমের স্বামী ও ছেলেকে বেধড়ক মারধর করে আহত করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে হামিদা বেগমের মেয়ে ও জামাই পৌঁছে অভিযুক্তদের দেখতে পেলে তাদেরও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়।
পরিবারের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হামিদা বেগম কালুখালী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, এই মারামারির ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।









