রাজবাড়ী জেলা প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে অগ্নিকাণ্ডে বাসটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনের সূত্রপাতের কারণও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এসব ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.