দুশ্চিন্তায় দুই সন্তানসহ পরিবার
আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুই সন্তানকে রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন রিক্তা পারভীন (৩৫) নামে এক গৃহবধূ। গত ২১ সেপ্টেম্বর ভোর রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। নিখোঁজের সময় তাঁর সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিল বলে দাবি করেছেন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। এ ঘটনায় রিক্তার শ্বশুর বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ রিক্তা পারভীন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি মধ্যপাড়া গ্রামের ইরাকপ্রবাসী মোঃ রজব আলী প্রামাণিকের স্ত্রী। তাঁর দুই মেয়ে আয়শা খাতুন (১৫) ও আনিশা আক্তার (৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী রজব আলী প্রামাণিক দীর্ঘদিন ধরে ইরাকে অবস্থান করছেন। বিদেশে থেকে তিনি নিয়মিত উপার্জনের টাকা স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠাতেন। গত ২১ সেপ্টেম্বর ভোর রাতে রিক্তা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নিখোঁজের আগে স্বামী রজব আলী প্রামাণিকের সঙ্গে রিক্তার ফোনে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিক্তা তাঁর বাবার বাড়িতে চলে যান। পরে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনতে রজব আলীর ছেলে ও ছেলের স্ত্রী সেখানে যান।
রজব আলী প্রামাণিকের ভাষ্য অনুযায়ী, তাঁর ছেলে রিক্তার সঙ্গে কথা বলে বাড়িতে ফিরে আসতে অনুরোধ করলে রিক্তা তাঁকে চলে যেতে বলেন। তিনি ছেলে ও ছেলের বউকে জানান, পরে তিনি নিজেই ছেলের স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা আর বাড়িতে না গিয়ে এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেন।
পরদিন ভোরে রজব আলীর ছেলের স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান, রিক্তা সেখানে নেই। এরপর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ রিক্তার স্বামী রজব আলী প্রামাণিক প্রবাস থেকে বলেন, “বিদেশে উপার্জন করা টাকা আমি নিয়মিত স্ত্রীর ব্যাংক হিসাবে পাঠাতাম। এসব টাকার সঠিক হিসাব আমার কাছে নেই। বাড়ি থেকে যাওয়ার সময় রিক্তা নগদ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছে বলে পরিবারের কাছ থেকে জানতে পেরেছি। স্ত্রী ও সন্তানদের নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি।”
এদিকে মাকে হারিয়ে দুই সন্তানও উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। পরিবারের সদস্যরা রিক্তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ বলেন, রিক্তা পারভীন নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.