প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৮:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৩, ৬:৫৪ এ.এম
ইন্দোনেশিয়া যাচ্ছেন রাষ্ট্রপতি
![]()
অনলাইন ডেস্ক,
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে অনুষ্ঠিতব্য পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, বর্তমানে আসিয়ানের চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। আগামী ৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কিন্তু কাছাকাছি সময়ে ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার কারণে জাকার্তায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী। সে জন্য আসিয়ানের প্রতি ঢাকার সমর্থন ও সম্পর্ক বিবেচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা ও জাকার্তার বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে জাকার্তায় যাবেন রাষ্ট্রপতি। তিনি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে জাকার্তার উদ্দেশে রওনা করবেন। আগামী ৭ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে স্টেটমেন্ট (ভাষণ) দেবেন। সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাকার্তার বাংলাদেশ মিশন।
সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.