নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
বিজ্ঞানের এই যুগে প্রযুক্তিবান্ধব প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার বিকাশে সরকার অনেক উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।
মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, শিক্ষা ছাড়া দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ গঠন সম্ভব নয়। আর এজন্যই শিক্ষার উন্নয়ন বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হয়েছে। জীবনের সব ক্ষেত্রে আধুনিক পদ্ধতির প্রয়োগে উদ্যোগও নিয়েছে সরকার। আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশ এগিয়ে নিতে পারলে দেশকে কেউ আর পেছনে টেনে নিয়ে যেতে পারবে না। আমরা এগিয়ে যাবোই।
শিক্ষা মন্ত্রণালয়ের সৃজনশীল পদ্ধতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতেই শিক্ষা ব্যবস্থায় আধুনিক পদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে।
এ সময় বিজ্ঞান শিক্ষার উন্নয়নে গবেষণা বাড়াতে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান সরকার প্রধান।
১৯৮১ সালে দেশে ফেরার সময় দেশ ছিলো যুদ্ধাপরাধী ও খুনীদের রাজত্ব মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আমাকে এগুতে হয়েছে। কিন্ত আমি হাল ছেড়ে দেইনি। অনেক চেষ্টা করে দেশকে একটা পর্যায়ে আনতে পেরেছি আজ।
আমি আত্মবিশ্বাসী, এদেশকে আর কেউ অন্ধকারে বা পেছনে নিয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।