দেশে গত বছরের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন।
রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ. কে. এম. হুমায়ুন কবীর।
অশোক কুমার দেবনাথ জানায়, হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন ও নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ভোটার হয়েছেন ৯২৪ জন।
দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা পরিষদ নির্বাচন।
ইসির তথ্যানুযায়ী, গত বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং হিজড়া ভোটার ছিল ৮৩৭ জন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.