জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় গান গেয়ে শুনিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে সুর মেলান এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদও।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার পর রওশন এরশাদ গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন। এ সময় সাদ এরশাদ মাইক এগিয়ে দিলে দলীয় সঙ্গীত গাইতে শুরু করেন তিনি।
রওশন এরশাদ গেয়ে ওঠেন, ‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে গলা মেলান।
এর আগে, মতবিনিময় সভায় রওশন এরশাদ বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায় তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।
জাতীয় মহিলা পার্টির যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাপার রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.