আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাঁদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল শেখ করচাঁদপুর গ্রামের মো. রফিক শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন রাশিদুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাশিদুল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি আব্দুল রব তালুকদার জানান, ঘটনাটি আমরা জানতে পেরে আইনগত প্রক্রিয়া শুরু করেছি এবং এটা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.