নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে গোপালগঞ্জে প্রশিক্ষণ
- প্রকাশ : ০১:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 1

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
পেশাদারিত্ব নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার হাবীবুল্লাহ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্য গোপালগঞ্জে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। তিনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। এ সময় পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও আইনানুগ আচরণের গুরুত্ব তুলে ধরেন।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পুলিশ সুপার বলেন, নির্বাচনী দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেক পুলিশ সদস্যকে আইন ও বিধিবিধান মেনে দায়িত্বশীল এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার, গোপালগঞ্জের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন দিক, দায়িত্ব ও কর্তব্য এবং পেশাদার আচরণসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।



















