১৮তম বিজেএসে হাফসা ও দেবব্রত সুপারিশপ্রাপ্ত
- প্রকাশ : ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 4

আক্কাস আলী রাজবাড়ী প্রতিনিধি,
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজবাড়ীর দুই কৃতী সন্তান হাফসা বিনতে আইয়ুব তুলি ও দেবব্রত ভট্টাচার্য্য। তাঁদের এ সাফল্যে রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলে মোট ২০০ জনকে সিভিল জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশ করে। তাঁদের মধ্যে স্থান করে নিয়েছেন রাজবাড়ীর এ দুই কৃতী সন্তান।
হাফসা বিনতে আইয়ুব তুলি রাজবাড়ীর কৃতী সন্তান এবং ল’ ফোরাম, রাজবাড়ীর একজন গর্বিত সদস্য। মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। তাঁর এ অর্জনে ল’ ফোরাম, রাজবাড়ীর সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
অপরদিকে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সন্তান দেবব্রত ভট্টাচার্য্য ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সিভিল জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত ২০০ জনের মধ্যে স্থান করে নেন তিনি। দেবব্রত ল’ ফোরাম, রাজবাড়ীর একজন গর্বিত সদস্য।
তিনি জামালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন থেকে এসএসসি এবং সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।



















