ভূরুঙ্গামারীর অটোচালক মলম পার্টির খপ্পরে , অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি
- প্রকাশ : ০১:০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 3

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে মো. আল-আমিন (রনজু) নামে এক অটোচালককে। তবে তার চালানো নীল রঙের অটোরিকশাটির এখনও সন্ধান মেলেনি।
আল-আমিন ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলম হোসেন। তিনি ভাই ভাই ব্যাটারি হাউস এর একটি নীল রঙের অটোরিকশা চালাতেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে আল-আমিনের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের এক সদস্যকে অপরিচিত এক ব্যক্তি ফোন করেন। ফোনে জানানো হয়, অটোরিকশাটি উলিপুর রোডে নেওয়া হয়েছে। এরপর থেকে আল-আমিনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের অভিযোগ, ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে উলিপুর রোড এলাকায় অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা আল-আমিনকে অচেতন করে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যেতে পারে।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল-আমিনকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
তবে তার সঙ্গে থাকা নীল রঙের অটোরিকশাটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
অটোরিকশাটি দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আল-আমিনের পরিবার।


















