পাংশায় চোরাই ৫ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১
- প্রকাশ : ০২:০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 2

আক্কাস আলী খান রাজবাড়ী, প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় চোরাই পাঁচটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুদ্ধদেব প্রামাণিক বিধান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে পাংশা উপজেলার বাবুপাড়া এলাকার একটি বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি থেকে পাঁচটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। চোরেরা বাদী সবুজ কুমার বসাকের বসতবাড়ি এবং তাঁর চাচা নিমাই চন্দ্র বসাক, রানা বিশ্বাস, নিখিলসহ আশপাশের বাড়ি থেকে এসব মিটার নিয়ে যায়।
পরে গত ৫ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে চোরাই বৈদ্যুতিক মিটারগুলো বাবুপাড়া ইউনিয়নে বাদীর বাড়ির উত্তর পাশের একটি বাগানে রাখতে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় বুদ্ধদেব প্রামাণিক বিধানকে পাঁচটি বৈদ্যুতিক মিটারসহ আটক করে পুলিশ।
গ্রেপ্তার বুদ্ধদেব প্রামাণিক বিধান পাংশা বাবুপাড়া এলাকার বাসুদেব কুমার প্রামাণিক বাবলুর ছেলে।
এ ঘটনায় সবুজ কুমার বসাক (২৭) বাদী হয়ে পাংশা থানায় মামলা করেছেন। মামলাটি ৫ অক্টোবর পাংশা থানার মামলা নম্বর-৩, জিআর-১৯৬/২৬ হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তার করে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করেছেন। চুরি যাওয়া পাঁচটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে।



















