স্বল্প খরচে ট্রেনে গরু আনতে পেরে খুশী ব্যবসায়ীরা
- প্রকাশ : ০৬:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 92
অনলাইন ডেস্ক
শুরু হয়েছে কোরবানির পশু সরবরাহে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন “ক্যাটেল সার্ভিস”। বুধবার (২৯ জুলাই) সকালে জামালপুর থেকে পশুবাহী প্রথম ট্রেন কমলাপুর রেলস্টেশনে পৌঁছে। সড়ক পথের তুলনায় কম ভাড়া ও যানজটের ভোগান্তি ছাড়া ঢাকায় গরু আনতে পেরে খুশি ব্যবসায়ীরা। ঈদ পর্যন্ত সার্ভিস অব্যাহত রাখার আশ্বাস রেলওয়ের।
এবারই প্রথম শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য “ক্যাটেল সার্ভিস” চালুর ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে। প্রথম ট্রেন হিসেবে বুধবার (২৯ জুলাই) সকালে জামালপুর থেকে গরুবাহী ট্রেনটি কমলাপুরে প্রবেশ করে।
ব্যবসায়ীরা জানান, এবার গরু আনতে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি। কোনো রকম জ্যাম ছাড়াই অল্প খরচে ঢাকায় পৌঁছেছি।
প্রথম ট্রিপে ১৬টি ওয়াগনে ২৬১টি গরু আসে ঢাকায়। জামালপুর থেকে প্রতিটি গরু আনতে খরচ হয়েছে ৫শ টাকা। সড়কপথের চেয়ে কম খরচে পরিবহন করতে পেরে খুশি ব্যাপারিরা।
একদিকে ভাড়া কম, অন্যদিকে যানজটমুক্ত যাত্রা, ফলে বেশ স্বস্তিই ছিলো ব্যবসায়ীদের মুখে।
ঢাকা বিভাগ রেলওয়ে’র ব্যবস্থাপক এস এম সালাহ উদ্দীন জানান, স্বল্প খরচে ব্যবসায়ীরা যাতে ঢাকায় গরু সরবরাহ করতে পারে সে উদ্যেশেই এ ট্রেন পরিচালনা করা। আমরা আশা করি ভবিষ্যতে এটি আরোও জনপ্রিয় হবে।
প্রান্তিক খামারিদের উৎসাহ দেয়া ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্যই এমন উদ্যোগ বলে জানায় রেলওয়ে।





















