০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সিলেটে জয়ের গন্ধ, তিন পা দূরে বাংলাদেশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৪২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / 83
স্পোর্টস ডেস্ক,
সিলেটে নিউজিল্যান্ডের সামনে যে লক্ষ্য বাংলাদেশ ছুড়ে দিয়েছে তাতে রীতিমতো ঘাম ঝড়ছে কিউইদের। ইতিমধ্যে সাজঘরে গিয়ে শাওয়ার নিয়েছেন ল্যাথম, কনওয়ে, উইলিয়ামসন, নিকোলসরা। এখন শুধু বাংলাদেশের সামনে কাঁটা হয়ে বিঁধে আছেন ড্যারেল মিচেল। আর হাতে আছে তাদের মাত্র দুটি উইকেট। বাংলাদেশ এই তিনজনকে পেছনে ফেলে আর তিন পা আগালেই দেখা পাবে বহু কাঙ্খিত টেস্ট জয়ের।
স্বাগতিকদের ৩৩২ রানের জবাবে চতুর্থ দিন শেষে ১১৩ রানে সাত উইকেট হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। প্রথম টেস্ট বাঁচাতে কিউইদের প্রয়োজন ২১৯ রান। অন্যদিকে বাংলাদেশের জিততে দরকার আর মাত্র তিন উইকেট। ড্যারেল মিচেল ৪৪ আর ইশ সোধি সাত রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরুতেই পেসার শরিফুল আঘাত করলেও অস্ত্র বদল করে কাপ্তান শান্ত। শরিফুলের পরের ওভার থেকে একে একে স্পিনারদের আনতে থাকেন। মূলত তাইজুল এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ রীতিমতো ঝাঁকিয়ে দেন। তার শিকার হন কনওয়ে, উইলিয়ামসন, ব্লুন্ডেলরা।
চতুর্থ দিন শেষে তাইজুল নিয়েছেন চারটি, মিরাজ, শরিফুল, নাঈম নিয়েছেন একটি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে কিউইদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত আছেন ড্যারেল মিচেল ও সাত রানে সোধি।
জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য ৩৩২
শান্তর সেঞ্চুরি ও মুশফিক-মিরাজের জোড়া ফিফটিতে সিলেট টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ৩৩২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হলো টাইগাররা। ব্যাট হাতে অধিনায়ক শান্ত করেছেন ১০৫ রান, মুশফিক ৬৭ এবং মেহেদী মিরাজের ব্যাট থেকে এসেছে ৫০ রান (অপরাজিত)।
শুক্রবার নতুন দিনের শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। আগের দিন শতক করা নাজমুলকে দিনের দ্বিতীয় ওভারেই হারায় স্বাগতিকেরা। টিম সাউদির লেগ স্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ১০৪ রানের সঙ্গে আর মাত্র ১ রান যোগ করতে পেরেছেন তিনি। ১০ চারে সাজিয়েছেন ১৯৮ বলের ইনিংস। তার বিদায়ে ভেঙেছে মুশফিকুর রহিমের সঙ্গে ৯৮ রানের চতুর্থ উইকেট জুটি।
ক্রিজে এসে খুব একটা সুবিধা করতে পারেনি অভিষিক্ত শাহদাত দিপু। দলীয় ২৪৮ রানে ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তবে এরই মাঝে ফিফটি পূরণ করেন মুশফিক।
লাঞ্চে যাওয়ার আগে আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। ১১৬ বলে ৬৭ রান করে মুশফিক এবং ২৭ বলে ১০ রান করে আউট হন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৪ রান করে নাইম হাসান ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তাইজুল ইসলাম। তবে একপ্রান্তে দাঁড়িয়ে ৭৬ বলে ফিফটি তুলে নেন মিরাজ।
শেষ ব্যাটার হিসেবে শরিফুল আউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্য দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে।





















