০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হতদরিদ্রদের ৫শ কেজি চাল চুরি
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 38
মোজাম্মেল হক,নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের উদ্যোক্তা মোঃ রিয়াদ হোসেনের বিরুদ্ধে হতদরিদ্রদের ১০ বস্তা (৫শ কেজি) চাল চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) বিকেলে ইউপি কার্যালয়ে এ ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ রিয়াদ হোসেনের বাড়ি থেকে তিন বস্তা সরকারি চাল উদ্ধার করে।ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চরকাঁকড়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য মানবিক সহায়তা হিসেবে জিআর প্রকল্পের ১৪ হাজার ৯০০ কেজি ও ভিজিএফ প্রকল্পের ২০ হাজার ১৫০ কেজিসহ মোট ৩৫ হাজার ৫০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। যা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১০ কেজি করে তিন হাজার ৫০৫ দরিদ্র পরিবারে বন্টন করার কথা রয়েছে।কিন্তু রোববার (২৬ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে উদ্যোক্তা রিয়াদ সিএনজি অটোরিকশা যোগে ১০ বস্তা চাল তার বাড়িতে নিয়ে যান। এখবর জানাজানি হলে, এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ মহিন উদ্দিন রিয়াদের বাড়িতে অভিযান চালিয়ে তিন বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন বলে জানান। বাকি চাল অন্যত্র সরিয়ে ফেলা হলেও তা উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ মহিন উদ্দিন।এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত উদ্যোক্তা মোঃ রিয়াদ হোসেন বলেন, চেয়ারম্যান মেম্বারদের কাজ করি বলে আমাদের কয়েকজনকে ৫২ টা ত্রাণের স্লিপ দেয়ার কথা ছিল। এতে ৫২০ কেজি হলেও আমি ৫শ কেজি (১০ বস্তা) চাল বাড়িতে নিয়ে যাই।তবে ইউপি চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যাহ, সদস্য ওমর ফারুক সবুজ ও দিদার হোসেন সৌরভসহ বেশ কয়েকজন জানান, তারা এ ধরণের কোন স্লিপ রিয়াদকে দেননি। সে অবৈধভাবে আত্মসাতের জন্য পরিষদ থেকে সরকারি চাল সরিয়েছেন।এদিকে অসুস্থ থাকায় রোববার (২৬ জুলাই) পরিষদে যাননি এবং ইউপি সচিব দায়িত্বে ছিলেন বলেও জানান চেয়ারম্যান হাজী মোঃ সফি উল্যাহ। তবে ইউপি সচিব মোঃ ফখরুল ইসলাম পরিষদে থাকলেও তিনি রিয়াদকে চাল দেয়ার বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল আহমেদ জানান, এবিষয়ে সোমবার (২৭ জুলাই) তদন্ত করে পিআইও’র প্রতিবেদনের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।





















