১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 58
অনলাইন ডেস্ক
দেশে দায়িত্বরত ৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করতে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের গতবছর ১৫ ও ১৭ ডিসেম্বর প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেছিলেন। যার লিখিত কপি সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে এ সপ্তাহে প্রকাশ করা হয় বলে বৃহস্পতিবার (২ জুলাই) জানান ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
রায়ে ২০০৯ সালে ঘোষিত জাতীয় বেতন স্কেলের (বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫) ১৯তম ও ২০তম গ্রেড অনুযায়ী তাদের বেতন-ভাতা দেয়ার নির্দেশ দেয়া হয়। এর মধ্যে দফাদার পদধারীদের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা দিতে বলা হয়েছে।
১৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ওই গ্রাম পুলিশদের ২০১১ সালের ২ জুন থেকে সুবিধা দিতে বলা হয়েছে। এছাড়া ২০১১ সালের ২ জুনের পর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা-২০১১ বহির্ভূতভাবে গ্রাম পুলিশ পদে যেকোনো নিয়োগ অবৈধ ও বাতিল হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে দফাদার ও মহল্লাদার হিসেবে দায়িত্বরত ৩৫৫ জন গ্রাম পুলিশের করা এক রিট আবেদনে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন আদালত।





















