০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টি২০ বিশ্বকাপ ‘অবাস্তব’ বলছে অস্ট্রেলিয়া
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:১৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- / 48
স্পোর্টস ডেস্ক
ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে বড়ো প্রশ্ন—এ বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ হচ্ছে কি না।
করোনা ভাইরাসের প্রবল সংক্রমণের এই সময়ে বিশ্বকাপ আয়োজনকে অনেকেই অসম্ভব মনে করছেন। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো কয়েকটি অংশগ্রহণকারী দেশে এই সংক্রমণ বাড়তে থাকায় এবার এই আয়োজনটা কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু আইসিসি আরো এক মাস সময় নিয়েছিল এই আসর সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, এই বিশ্বকাপ আয়োজন এখন অবাস্তব একটা ব্যাপার।
আগামী অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা এই বিশ্বকাপ। বিশ্বকাপটি ছিল গত আইসিসি মিটিংয়ের অন্যতম আলোচ্য বিষয়। সে মিটিংয়ে অবশ্য এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আইসিসি বলেছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো একটু সময় নিতে চায়।
এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস মঙ্গলবার ভিডিও কনফারেন্সে সংবাদমাধ্যমকে যা বললেন, তাতে সম্ভাব্য চিত্র অনেকটাই স্পষ্ট, ‘আনুষ্ঠানিকভাবে যদিও বিশ্বকাপ এখনো বাতিল হয়নি বা পিছিয়ে যায়নি। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের নানা প্রান্ত থেকে ১৬টি দলকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা কঠিন একটা ব্যাপার। বেশির ভাগ দেশেই যেখানে কোভিড এখনো বাড়ছে, আমার মতে, এটি (বিশ্বকাপ আয়োজন) অবাস্তব, কিংবা খুব, খুব কঠিন হবে।
বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বড়ো একটি রদবদল এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ পদগুলোর একটিতে। চাকরি হারানোর গুঞ্জনের মধ্যে পদত্যাগ করেছেন প্রধান নির্বাহী কেভিন রবার্টস। চেয়ারম্যান এডিংস মঙ্গলবার সকালে এই খবর দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, করোনা ভাইরাস পরিস্থিতিতে বোর্ডের আর্থিক অবস্থা সামলাতে না পারায় রবার্টসের চাকরি ছিল ঝুঁকির মুখে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী নিক হকলি আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নিয়ে হকলি জানিয়েছেন, অনিশ্চয়তা থাকলেও তারা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাবেন, ‘দারুণ একটি স্থানীয় আয়োজক কমিটি আছে আমাদের, যারা সম্ভাব্য সবকিছুর জন্যই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। এরপর সিদ্ধান্ত যা হওয়ার হতে পারে।’
আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল এই বিশ্বকাপের। ১৬ দেশের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৫ নভেম্বর। আইসিসির সূচি অনুযায়ী আগামী বছর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।





















