করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যু
- প্রকাশ : ০৯:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 50
অনলাইন ডেস্ক
বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর তথ্য জানিয়ে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘তাকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৩৬ জন চিকিৎসক মারা গেছেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, ডা. সাজ্জাদ হোসাইন রাত ৯টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার মরদেহ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
ডা. মারুফ সিদ্দিকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় মারা গেলেন, ইমপালস হাসপাতালের আইসিইউ প্রধান করোনায় মারা গেলেন, বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান কিছুক্ষণ আগে করোনায় মারা গেলেন, ঢামেক হাসপাতালের আইসিইউ প্রধানের কোভিড-১৯ পজিটিভ। আল্লাহ আমাদের সকলের ওপর দয়া করুন।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।





















