০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রজাতন্ত্র দিবসে ভারত যাচ্ছেন না বাইডেন, বাতিল কোয়াড বৈঠকও
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / 88
অনলাইন ডেস্ক
ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটিতে সফরে যেতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। বাইডেনের এ অনুপস্থিতির কারণে জানুয়ারির চতুর্থ সপ্তাহে কোয়াড (কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ) বৈঠকও বাতিল হচ্ছে।
সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে বাইডেনকে ২৬ জানুয়ারির কর্মসূচিতে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। খবর আনন্দবাজারের।
তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি সে কথা জানিয়ে বলেছিলেন, ‘আমাদের প্রেসিডেন্ট জানুয়ারির শেষে ভারত সফরের বিষয়ে বিবেচনা করছেন।’
শুধু বাইডেন নয়, কোয়াড বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ‘বিশেষ অতিথি’ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে সেসময় শোনা গিয়েছিল।
সেক্ষেত্রে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের মোকাবিলায় কোয়াড’র চার সদস্যরাষ্ট্রের (ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান) সমন্বয় আরও নিবিড় করার লক্ষ্যে নয়াদিল্লিতে চার রাষ্ট্রনেতার বৈঠক হবে বলেও জানা গিয়েছিল। কিন্তু বাইডেনের অনুপস্থিতির কারণে সেই বৈঠক হবে না বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
এর আগে, ২০১৮ সালে নয়াদিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। কিন্তু ঘরোয়া কর্মসূচির কারণে সে আমন্ত্রণ রক্ষা করতে পারেননি ট্রাম্প।
তার আগে, ২০১৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন ।





















