শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীরা
- প্রকাশ : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / 103
শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা। বুধবার সকাল ১০টা ১৬ মিনিটে প্রথম ধাপে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রথমে আওয়ামী লীগের এমপির শপথ নেন। এরপর স্বতন্ত্র ও শেষে শপথ নেন জাতীয় পার্টির এমপিরা।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১০মিনিটের দিকে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
এরপর শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরুতে নিজে সংসদ সদস্য হিসেবে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নিজের শপথ গ্রহণ শেষে তিনি উপস্থিত আওয়ামী লীগের সংসদ সদস্যদের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পরে তাদের শপথের কাগজে সই করতে বলা হয়। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদের রেজিস্ট্রারে সই করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে সই করেন।
এরপর বেলা ১১টায় শপথ নেন স্বতন্ত্র ৬২ জন নির্বাচিত প্রার্থী। সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন।
শেষ ধাপে দুপুর ১২টায় শপথ নেন জাতীয় পার্টির ১১ এমপি। এরপর চেম্বার আদালতের নির্দেশে দুপুর আড়াইটার দিকে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আওলাহ হোসেন শপথ নেন। সকালে ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে সই করেন।
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।










